বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন-২০২৬ এবং বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজকে কেন্দ্র করে রাজধানীর মিরপুর স্টেডিয়াম এলাকায় যান চলাচলে সাময়িক বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।
শনিবার (৬ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৭ জুন বাংলাদেশ-অস্ট্রেলিয়া অনুশীলন ম্যাচ এবং বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর ৯ জুন প্রথম ওয়ানডে, ১১ জুন দ্বিতীয় ওয়ানডে এবং ১৪ জুন তৃতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এ উপলক্ষে ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত নির্ধারিত দিনগুলোতে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামসংলগ্ন প্রশিকা সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকবে।
ডিএমপি জানায়, যান চলাচল স্বাভাবিক রাখতে বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। মিরপুর-১ অভিমুখে চলাচলকারী যানবাহনকে প্রশিকা ক্রসিং, শিয়ালবাড়ী ক্রসিং, রাইনখোলা ও ঈদগাহ মাঠ হয়ে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।
এ বিষয়ে নগরবাসী ও যানবাহন চালকদের সহযোগিতা কামনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
সিএ/এমই


