দেশে হামের প্রাদুর্ভাবের মধ্যে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। একই সময়ে নতুন করে ১ হাজার ৩২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার প্রকাশিত স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে। এ সময় দেশজুড়ে হামের উপসর্গ ও আক্রান্ত রোগীর সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৬১৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫২২ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে, আর ৯১ জনের ক্ষেত্রে হাম শনাক্ত হওয়ার পর মৃত্যু হয়েছে।
একই সময়ের পরিসংখ্যানে দেখা গেছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ৭৭ হাজার ৭৯১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে ৬৩ হাজার ১৩৪ জনকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে চিকিৎসার জন্য।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের বড় একটি অংশ ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এখন পর্যন্ত ৫৮ হাজার ৯৬৪ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল ত্যাগ করেছেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের সুরক্ষায় টিকাদান কর্মসূচির আওতা বাড়ানো এবং দ্রুত চিকিৎসা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে হামের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।
সিএ/এমআর


