রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার পর দুই কর্মীকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সম্প্রতি হাসপাতালটিতে নবজাতকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এ পরিস্থিতির সৃষ্টি হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শনিবার আদ্-দ্বীন ফাউন্ডেশনের এইচআর অ্যান্ড কোম্পানি অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার পরপরই হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তদন্তের উদ্যোগ নেয়।
প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ৩০ মে স্বাস্থ্যমন্ত্রী এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতাল পরিদর্শন শেষে চলে যাওয়ার পর বিপুলসংখ্যক সাংবাদিক হাসপাতালে প্রবেশের চেষ্টা করেন। রোগীদের স্বার্থ এবং হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সাংবাদিকদের প্রবেশ নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এ সময় একজন সাংবাদিক হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মীদের ‘ঝাড়ুদার’ বলে সম্বোধন করলে কয়েকজন কর্মী নিজেদের অপমানিত বোধ করেন। এর পরিপ্রেক্ষিতে তারা উত্তেজিত হয়ে সাংবাদিকদের হাসপাতাল ত্যাগের অনুরোধ জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করেন এবং কর্মীদের নিবৃত্ত করার চেষ্টা করেন।
ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ প্রকাশ্যে দুঃখ প্রকাশ করে এবং বিষয়টির তদন্তের নির্দেশ দেয়। তদন্ত শেষে দুই কর্মীকে ঘটনার জন্য দায়ী হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জানানো হয়। এর ভিত্তিতে তাদের সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট কর্মীদের সামাজিক মর্যাদা ও ব্যক্তিগত গোপনীয়তার বিষয় বিবেচনায় তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথাও জানিয়েছে।
সিএ/এমআর


