জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক স্কুলছাত্রের মরদেহ প্রায় ৩০ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। নিহত কিশোরের নাম শাওন (১৫)। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রোববার (৩১ মে) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের মন্ডলপাড়া এলাকায় ব্রহ্মপুত্র নদে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন। পরে মরদেহটি শাওনের বলে শনাক্ত করা হয়।
নিহত শাওন পাররামরামপুর ইউনিয়নের দক্ষিণ মোয়ামারী গ্রামের বাসিন্দা সাইদুর রহমানের ছেলে। তিনি ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে পরিবারের সঙ্গে ঢাকা থেকে গ্রামের বাড়িতে এসেছিল শাওন। শনিবার (৩০ মে) বিকেলে বন্ধুদের সঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে সে। এ সময় নদীর প্রবল স্রোতে একপর্যায়ে তলিয়ে যায় শাওন এবং এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। দুই দফায় নদীতে তল্লাশি চালানো হলেও শাওনের সন্ধান পাওয়া যায়নি। পরদিন সন্ধ্যায় স্থানীয় লোকজন নদীতে একটি মরদেহ ভাসতে দেখে উদ্ধার করলে নিখোঁজ শাওনের মরদেহ শনাক্ত করা হয়।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, “ব্রহ্মপুত্র নদে গোসল করতে পানিতে ডুবে গিয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। তার মরদেহ উদ্ধার করা হয়েছে।”
ঘটনার পর নিহতের স্বজনদের মধ্যে শোকের মাতম দেখা দিয়েছে। স্থানীয়রাও এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন।
সিএ/এমই


