লেবাননের রাজধানী বৈরুতে ইজরাইলের বিমান হামলায় নিহত বাংলাদেশি নারী দিপালী আক্তারের মরদেহ দেশে পৌঁছেছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তাঁর মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। পরে পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “কোনো কিছু দিয়েই দিপালীকে ফিরিয়ে আনা সম্ভব নয়, সেটা আমরা বুঝি। কিন্তু সরকারের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। প্রধানমন্ত্রী শুরু থেকেই বলেছেন, মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তাই আমাদের এক নম্বর অগ্রাধিকার।”
তিনি আরও বলেন, “আমরা দিপালী আক্তারের আত্মার মাগফিরাত কামনা করছি। পরিবারের জন্য সরকারের পক্ষ থেকে আরও যা কিছু করার প্রয়োজন, আমরা তা করতে সচেষ্ট আছি। আমরা সবসময় দিপালী আক্তারের পরিবারের পাশে থাকব।”
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে এখন পর্যন্ত আটজন বাংলাদেশি নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ছয়জনের মরদেহ দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
তিনি বলেন, “আজ দিপালী আক্তারের লাশ আসার মাধ্যমে মোট ছয়জনকে দেশে আনা হয়েছে। সৌদি আরবে একজনকে দাফন করতে হয়েছে, কারণ তার লাশ আনার মতো অবস্থা ছিল না। এছাড়া ইরাকে নিহত একজনের লাশ এখনো আনা সম্ভব হয়নি, কারণ সেখানে সরাসরি ফ্লাইট চালু নেই।”
মরদেহ দেশে আনতে বিলম্ব হওয়ার বিষয়ে শামা ওবায়েদ বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে বিভিন্ন দেশের সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লেগেছে। একই সঙ্গে ফ্লাইট চলাচল স্বাভাবিক না থাকায়ও জটিলতা তৈরি হয়েছে।
গত ৮ এপ্রিল লেবাননের বৈরুতের হামরা এলাকায় নিয়োগকর্তার পরিবারের সঙ্গে অবস্থানকালে ইজরাইলের বিমান হামলায় নিহত হন দিপালী আক্তার। প্রাথমিকভাবে জানা যায়, ওই হামলায় তাঁর নিয়োগকর্তা ও পরিবারের আরও কয়েকজন সদস্যও নিহত হন।
বৈরুতে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, স্থানীয় এক প্রতিবেশীর মাধ্যমে তারা হামলার বিষয়টি নিশ্চিত হয়েছে।
সিএ/এমআর


