মুসলিম বিশ্বের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা প্রতিবছর ১০ জিলহজ উদযাপিত হয়। ত্যাগ ও আত্মনিবেদনের প্রতীক হিসেবে এই উৎসব মুসলমানদের কাছে বিশেষ গুরুত্ব বহন করে।
চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় ঈদুল আজহার নির্দিষ্ট তারিখ আগাম নিশ্চিত করা সম্ভব নয়। তবে বিভিন্ন জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী সম্ভাব্য তারিখ সম্পর্কে ধারণা দেওয়া হয়।
ইউরোপ ও যুক্তরাজ্যে নতুন চাঁদ দেখার ওপর ভিত্তি করে ধারণা করা হচ্ছে, ২৭ অথবা ২৮ মে ঈদুল আজহা উদযাপিত হতে পারে। একইভাবে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, আরাফাতের দিন পড়তে পারে ২৬ মে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, চাঁদ দেখা নিশ্চিত হওয়ার পরই ঈদের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে। সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপন করা হয়। সে হিসেবে দেশে ২৮ মে ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সিএ/এমআর


