নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় নিখোঁজের দুই দিন পর ৬ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ মে) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার পাগলা ইউনিয়নের সনুড়া-জসিউড়া গ্রামের একটি পরিত্যক্ত ধানক্ষেতে স্থানীয়রা মরদেহটি দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দেন।
নিহত শিশুটি জান্নাতুল, সে ওই গ্রামের আসাদ মিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ মে বিকেল থেকে জান্নাতুল নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরদিন ৫ মে পরিবারটির পক্ষ থেকে কলমাকান্দা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
এর দুই দিন পর বুধবার সকালে স্থানীয়রা ধানক্ষেতে শিশুটির মরদেহ দেখতে পান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে।
কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিদ্দিক হোসেন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং এর রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।
সিএ/এমই


