পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ১০ বছর বয়সী এক মাদরাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। সোমবার (৪ মে) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার পূর্ব নেতা আকরামিয়া শিশু এতিমখানা ও হাফিজিয়া মাদরাসায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।
আটক শিক্ষকের নাম হাফেজ সফিকুল ইসলাম জিসান। তিনি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ অনুযায়ী, ওই রাতে শিক্ষক শিশুটিকে নিজের কক্ষে ডেকে নিয়ে বলাৎকার করেন। পরদিন মঙ্গলবার সকালে শিশুটি বাড়িতে গিয়ে বিষয়টি জানালে এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে।
এরপর স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে মাদরাসা প্রাঙ্গণে অবরুদ্ধ করে রাখেন। পরে ভুক্তভোগীর মা তাকে জুতাপেটা করেন বলে জানা গেছে।
খবর পেয়ে মঙ্গলবার দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে। পুলিশের দাবি, আটকের আগে তিনি প্রাথমিকভাবে অভিযোগের বিষয়ে কিছু স্বীকারোক্তি দিয়েছেন।
রাঙ্গাবালী থানার ওসি (তদন্ত) ইলিয়াছ হোসেন মুন্সি বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষককে আটক করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সিএ/এমই


