টাঙ্গাইলের সখীপুর উপজেলার বোয়ালী এলাকায় জ্বালানি তেল কম দেওয়ার অভিযোগে একটি ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে মেসার্স সখীপুর ফিলিং স্টেশনে তেল পরিমাপে অনিয়ম ধরা পড়ে। এ সময় প্রতি ৫ লিটার তেলে ২৭০ গ্রাম এবং ১০ লিটারে ৫৪২ গ্রাম কম দেওয়ার বিষয়টি নিশ্চিত হয়।
পরে অনিয়মের দায়ে ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করেন মালিক রাজু আহমেদ ও মো. রফিকুল ইসলাম।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, এ ধরনের অনিয়ম ভোক্তাদের সঙ্গে প্রতারণার শামিল। ভবিষ্যতে এমন ঘটনার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় গ্রাহকরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ওই ফিলিং স্টেশন থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়ার পরও কম জ্বালানি সরবরাহ করা হচ্ছিল। অভিযান চালিয়ে বিষয়টি প্রমাণিত হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন এবং নিয়মিত তদারকির দাবি জানান।
সিএ/এমই


