আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানি পশুর হাটকে লক্ষ্য করে সক্রিয় হয়ে উঠেছে জাল টাকা কারবারি চক্র। এমন তথ্যের ভিত্তিতে ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে একটি জাল টাকা তৈরির কারখানার সন্ধান পেয়েছে ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানে চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিপুল পরিমাণ জাল টাকা ও সরঞ্জাম জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকাল ১১টায় ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. তরিকুল ইসলাম এসব তথ্য জানান।
তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে পশুর হাটগুলোতে জাল টাকা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনায় সক্রিয় ছিল একটি চক্র। এ তথ্যের ভিত্তিতে পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় ডিবির একটি বিশেষ দল গঠন করা হয়। অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম সুমনের নেতৃত্বে এসআই ইয়াকুব আলীসহ একটি দল কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়নের ভাংনা মুজিবনগর এলাকায় অভিযান চালায়।
অভিযানে কামাল হোসেনের পাঁচতলা ভবনের তৃতীয় তলায় জাল টাকা তৈরির আস্তানায় হানা দিয়ে মূল কারিগর মো. কাউসারকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির মালিক মো. কামাল হোসেনকেও আটক করা হয়।
গ্রেপ্তার কাউসারের কাছ থেকে ছয় লাখ টাকা এবং কামাল হোসেনের কাছ থেকে দুই লাখ টাকা জাল নোট উদ্ধার করা হয়। মোট আট লাখ টাকার জাল নোট জব্দ করা হয়েছে। এছাড়া প্রিন্টার, বিশেষ কাগজ, কালি, হ্যান্ড সিলার, ডাইসসহ জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, কাউসার দীর্ঘ আট বছর ধরে জাল টাকা তৈরির সঙ্গে জড়িত। এ অপরাধে এর আগেও তিনি একাধিকবার গ্রেপ্তার হয়ে কারাভোগ করেছেন। তার বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় জাল টাকা সংক্রান্ত সাতটি মামলা বিচারাধীন রয়েছে।
গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
সিএ/এমই


