নওগাঁ জেলা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা উপলক্ষে নেতাকর্মীরা আনন্দ মিছিল ও সমাবেশ করেছেন। সোমবার (৪ মে) বিকেলে শহরের এটিম মাঠ থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা জানিয়ে স্লোগানে স্লোগানে উচ্ছ্বাস প্রকাশ করেন। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা নতুন কমিটিকে স্বাগত জানান এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।
সমাবেশে বক্তব্য দেন নওগাঁ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রুবেল হোসেন, আহ্বায়ক মামুন বিন ইসলাম দোহা, সদস্যসচিব তাইজুল ইসলাম তাজ এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাজাহান বাদশা। বক্তারা বলেন, নতুন এই কমিটি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারে ভূমিকা রাখবে।
নওগাঁ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রুবেল হোসে বলেন, ‘জেলা কমিটির নেতারা অত্যন্ত দক্ষ ও বিচক্ষণ। আন্দোলন-সংগ্রামে রাজপথে তাদের অনেক ত্যাগ ও ভূমিকা রয়েছে। আনন্দ মিছিলের মাধ্যমে আমরা নতুন কমিটিকে স্বাগত জানিয়েছি। তাদের নেতৃত্বে আগামী দিনে ছাত্রদলের প্রতিটি ইউনিট ঐক্যবদ্ধভাবে কাজ করবে।’
জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মামুন বিন ইসলাম দোহা বলেন, ‘ছাত্রদল গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে রাজপথের দক্ষ একটি সংগঠন। এ সংগঠন সবসময় শিক্ষার্থীদের অধিকার আদায় ও কল্যাণে কাজ করে আসছে। আগামী দিনে শহীদ জিয়া ও দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আদর্শকে ধারণ করে ত্যাগী ও যোগ্য নেতাদের মূল্যায়নের মাধ্যমে এবং সুশৃঙ্খল রাজনীতির মাধ্যমে ছাত্রদল আরও শক্তিশালী সংগঠন হবে।’ তিনি আরো বলেন, ‘কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে একটি শক্তিশালী ও গ্রহণযোগ্য পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হবে। সকলকে সঙ্গে নিয়ে জেলার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে আমরা কাজ করব।’
উল্লেখ্য, গত শনিবার কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নওগাঁ জেলা ছাত্রদলের ৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে মো. মামুন বিন ইসলাম দোহাকে আহ্বায়ক এবং তাইজুল ইসলাম তাজকে সদস্যসচিব করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান বাদশাহ, যুগ্ম আহ্বায়ক শাহিদুল ইসলাম সোহাগ, আজিজুল ইসলাম, এ কে হানফি, হাফিজুর রহমান আকাশ, জুনায়েদ আহমেদ ও আল আমিন বাদশা।
সিএ/এমই


