রাজধানীর খিলক্ষেত এলাকার লেকসিটির একটি ফ্ল্যাট থেকে ফারুখ কবির বাদল (৬০) নামের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২ মে) বিকেলে লেকসিটির সুরভী ভবনের একটি ফ্ল্যাটের মেঝেতে পড়ে থাকা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ফারুখ কবির বাদল মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার মৃত আব্দুর রশিদের ছেলে।
খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) জীবন চন্দ্র দাস জানান, ফ্ল্যাট থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় আশপাশের বাসিন্দারা বিষয়টি টের পান। পরে তারা ডাকাডাকি করলেও কোনো সাড়া না পেয়ে পুলিশকে খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফ্ল্যাটের ভেতর থেকে মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, নিহত ব্যক্তি ওই ফ্ল্যাটে একাই বসবাস করতেন। তার স্ত্রী ও মেয়ে যুক্তরাষ্ট্রে থাকেন। প্রায় দুই বছর আগে তিনি দেশে ফিরে ওই ফ্ল্যাটে বসবাস শুরু করেন বলে জানা গেছে।
প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সিএ/এমই


