রাজধানীর বনানী এলাকায় বাসচাপায় শাহাদাত (২৫) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পাঠাও রাইডশেয়ারিং চালক বাপ্পি (৩০) আহত হয়েছেন।
রবিবার (৩ মে) বিকেল আনুমানিক ৫টার দিকে বনানীর সেতু ভবনের পাশে বিআরটিএ ভবনের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই শাহাদাতের মৃত্যু হয়। একই ঘটনায় মোটরসাইকেল চালক বাপ্পি গুরুতর আহত হন।
বনানী থানার উপপরিদর্শক (এসআই) আবু রায়হান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, আহত বাপ্পি বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি পাঠাও রাইডশেয়ারিংয়ের চালক হিসেবে কাজ করতেন।
নিহত শাহাদাতের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে এবং তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া এলাকায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
এদিকে দুর্ঘটনার জন্য দায়ী বাসটি শনাক্তে অভিযান চলছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
সিএ/এমই


