কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পারিবারিক কলহের জেরে বাবা-ছেলের ঝগড়ার মধ্যে পড়ে পারভীন বেগম (৫০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (৫ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
পুলিশ জানায়, উপজেলার মাধবপুর ইউনিয়নের মিরপুর এলাকার সরকার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত পারভীন বেগম ওই এলাকার নাসিরের স্ত্রী। এ ঘটনায় পুলিশ নিহতের স্বামী নাসিরকে আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নাসির ও পারভীন দম্পতির ছেলে ইয়াসিন (১৭) পেশায় রংমিস্ত্রি। সম্প্রতি কাজে না যাওয়াকে কেন্দ্র করে রবিবার সকালে বাবা ও ছেলের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা তুমুল ঝগড়ায় রূপ নেয়।
একপর্যায়ে নাসির তার ছেলে ইয়াসিনকে মারতে উদ্যত হলে মা পারভীন বেগম ছেলেকে রক্ষা করতে এগিয়ে আসেন। অভিযোগ রয়েছে, ধাক্কাধাক্কির একপর্যায়ে তিনি মাটিতে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে পড়েন।
পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেন জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সিএ/এমই


