প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনপ্রশাসনে পছন্দের পদে পদায়ন বা নির্দিষ্ট জায়গায় পোস্টিং পাওয়ার মানসিকতা দুর্নীতি ও অপেশাদারিত্বের অন্যতম কারণ। তিনি বলেন, “সবসময় নিজেদের পছন্দের পদে পদায়ন কিংবা পোস্টিং পাওয়ার মানসিকতাই জনপ্রশাসনকে দুর্নীতিপরায়ণ এবং অপেশাদার করে তোলার অন্যতম একটি কারণ বলে আমার মনে হয়।”
রোববার (৫ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সকাল ১০টা ৩০ মিনিটে তিনি সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
তারেক রহমান বলেন, জনপ্রশাসনের প্রতিটি পদই রাষ্ট্র ও সরকারের জন্য গুরুত্বপূর্ণ এবং অনিবার্য। তাই যেকোনো পদকে ছোট করে দেখার সুযোগ নেই। তিনি বলেন, “জনপ্রশাসনের প্রতিটি পদকেই গুরুত্বপূর্ণ এবং অনিবার্য ভাবুন। দেশের যেকোনো স্থানেই যেকোনো সময় যেকোনো পদে দায়িত্ব পালনের জন্য নিজেদের মানসিকভাবে প্রস্তুত রাখুন।”
তিনি আরও বলেন, একটি পদ বা নির্দিষ্ট এলাকায় পোস্টিংয়ের প্রতি অতিরিক্ত আগ্রহ পেশাদারিত্বকে ক্ষতিগ্রস্ত করে। এতে সাময়িকভাবে ব্যক্তি লাভবান হলেও দীর্ঘমেয়াদে প্রশাসনের দক্ষতা ও নিরপেক্ষতা নষ্ট হয়। সরকারি কর্মকর্তাদের সব ধরনের দায়িত্ব পালনে মানসিকভাবে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।
তারেক রহমান বলেন, জনগণ ভোটের মাধ্যমে একটি জবাবদিহিমূলক সরকার নির্বাচন করেছে এবং সেই সরকারের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি। তিনি বলেন, সরকারের নীতি ও কর্মপরিকল্পনা বাস্তবায়নে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
তিনি আরও বলেন, “জনপ্রশাসনের সততা, দক্ষতা ও দায়বদ্ধতার ওপর সরকারের কার্যক্রমের সাফল্য অনেকাংশে নির্ভর করে।”
তারেক রহমান দাবি করেন, বর্তমান সরকার দেশের ভঙ্গুর অর্থনীতি, দুর্বল জনপ্রশাসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কাজ করছে। তিনি বলেন, অতীতের শাসনামলে দুর্নীতি ও লুটপাটের কারণে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিভিন্ন খাত অকার্যকর হয়ে পড়েছিল।
তিনি বলেন, সরকার জনগণের ভোগান্তি কমিয়ে ন্যায়ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করছে। এর অংশ হিসেবে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, স্পোর্টস কার্ড এবং ধর্মীয় ব্যক্তিদের ভাতা প্রদানের কার্যক্রম শুরু হয়েছে।
তারেক রহমান বলেন, জনপ্রশাসনের মাধ্যমে এসব উদ্যোগ সঠিকভাবে বাস্তবায়ন করাই সরকারের মূল লক্ষ্য। তিনি প্রশাসনের কর্মকর্তাদের প্রতি সরকারের নীতি ও পরিকল্পনা সুচারুভাবে বাস্তবায়নের আহ্বান জানান।
সূত্র: বাসস
সিএ/এএ


