রাঙামাটিতে আট বছর পর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে পদবঞ্চিত নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কমিটি বাতিলের দাবিতে তারা সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন, যার ফলে রাঙামাটি-চট্টগ্রাম সড়কে যান চলাচল ব্যাহত হয়।
রোববার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ অবরোধ শুরু হয়। এতে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
এর আগে বিক্ষুব্ধ নেতাকর্মীরা পৌরসভা এলাকা থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাঁঠালতলী এলাকায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
পদবঞ্চিতদের অভিযোগ, বিবাহিত, চাঁদাবাজ ও অপহরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের অর্থ ও উপহারের বিনিময়ে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা এ কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণার দাবি জানান। একই সঙ্গে দাবি না মানা হলে কঠোর কর্মসূচি, এমনকি হরতালের হুমকিও দেন।
এদিকে সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার (৬ ডিসেম্বর) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের স্বাক্ষরে ২৩ সদস্যবিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটিতে মো. অলি আহাদকে সভাপতি, নাঈমুল ইসলাম রনিকে সাধারণ সম্পাদক এবং গালিব হাসানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। পাশাপাশি ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনাও দেওয়া হয়েছে।
সিএ/এএ


