পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে পারুল বালা (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার ধাওয়া ইউনিয়নের রাজপাশা গ্রামের নাঙ্গলের খাল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের খালে গোসল করতে গেলে হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় প্রবল দমকা হাওয়ায় খালের পাড়ে থাকা একটি বড় গাছ উপড়ে পড়ে তার ওপর। এতে গুরুতর আহত হন পারুল বালা।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তিনি একই গ্রামের লক্ষ্মীকান্ত সমাদ্দারের স্ত্রী। তার চার ছেলে ও এক মেয়ে রয়েছে বলে জানা গেছে।
এদিকে কালবৈশাখী ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। শেখপাড়া, মাছিমপুর ও সার্কিট হাউস সড়কসহ একাধিক স্থানে বড় গাছ উপড়ে পড়ে সড়ক যোগাযোগ ব্যাহত হয়। এতে বরিশাল-পিরোজপুর-খুলনা মহাসড়কের কিছু অংশে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরবর্তীতে ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা যৌথভাবে গাছ কেটে সড়ক পরিষ্কার করেন এবং যান চলাচল স্বাভাবিক করেন।
পিরোজপুর বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, ঝড়ের সময় বিভিন্ন স্থানে গাছ পড়ে বৈদ্যুতিক খুঁটি ও তার ছিঁড়ে যাওয়ায় মধ্য নামাজপুর, উত্তর নামাজপুর ও চলনা নামাজপুরসহ বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। স্থানীয়দের দাবি, এসব এলাকায় প্রায় ১০ ঘণ্টা ধরে বিদ্যুৎ নেই।
তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধারে কাজ চলছে।
সিএ/এমই


