যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জে এর ভার্চুয়াল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৬ ডিসেম্বর) ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এই উদ্বোধন অনুষ্ঠিত হয়।
এর আগে সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন প্রধানমন্ত্রী। সেখান থেকেই তিনি দেশের বিভিন্ন জেলায় এ আয়োজনের কার্যক্রম উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া চর্চায় গুরুত্ব দিতে হবে। তিনি দেশের শিক্ষার্থীদের মেধা বিকাশের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের তুলে ধরার আহ্বান জানান।
তিনি আরও বলেন, আদর্শ ও মেধাবী মানুষ হিসেবে গড়ে উঠতে তরুণ প্রজন্মকে সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করবে।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য (কিশোরগঞ্জ-১) মোহাম্মদ মাজহারুল ইসলাম, সংসদ সদস্য (কিশোরগঞ্জ-২) অ্যাড. মোহাম্মদ জালাল উদ্দিন, সংসদ সদস্য (কিশোরগঞ্জ-৫) শেখ মুজিবুর রহমান ইকবাল, কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীরা।
সিএ/এমই


