চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে মোহাম্মদ তায়েফ (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার ( ৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয়রা জাল ফেলে তার মরদেহ উদ্ধার করেন।
নিহত তায়েফ উপজেলার পূর্ব শাকপুরা ইয়াছিন তালুকদার পাড়ার বাসিন্দা মো. আনোয়ার হোসেনের ছেলে। তিনি শাকপুরা চৌমুহনী এলাকায় একটি ওয়ার্কশপে কাজ শিখছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ( ৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তায়েফ পাড়ার অন্যান্য ছেলেদের সঙ্গে পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে তারা পুকুরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সাঁতার কাটছিল। এ সময় তায়েফ পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা জানান, সে সাঁতার জানত।
দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর বিকেল সাড়ে ৪টার দিকে জাল ফেলে তার মরদেহ উদ্ধার করা হয়।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
সিএ/এমই


