প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত অবস্থানে রয়েছে আইফোন। তবে প্রতিদ্বন্দ্বী অনেক নির্মাতা ইতিমধ্যে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার শুরু করলেও অ্যাপল এখনো সেই পর্যায়ে পৌঁছায়নি। তবে নতুন করে শোনা যাচ্ছে, ভবিষ্যতের আইফোন মডেলে ২০০ মেগাপিক্সেলের উন্নত সেন্সর যুক্ত করার জন্য পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে প্রতিষ্ঠানটি।
চীনের সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে ডিজিটাল চ্যাট স্টেশন নামের একটি সূত্র দাবি করেছে, অ্যাপল বর্তমানে প্রায় ১/১.২ ইঞ্চি আকারের একটি ২০০ মেগাপিক্সেল সেন্সর নিয়ে কাজ করছে। এই সেন্সরটি প্রচলিত সেন্সরের তুলনায় বড় হওয়ায় কম আলোতেও উন্নত মানের ছবি ধারণ করা সম্ভব হবে এবং ছবির ডায়নামিক রেঞ্জও বাড়বে।
ধারণা করা হচ্ছে, এই সেন্সরটি আইফোনের প্রধান ক্যামেরা হিসেবে ব্যবহৃত হবে। তবে আলট্রা ওয়াইড ও টেলিফটো ক্যামেরায় ৪৮ মেগাপিক্সেলই রাখা হতে পারে। বর্তমানে আইফোন ১৭ প্রো ম্যাক্সে ৪৮ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা থাকলেও নতুন প্রযুক্তি সেটিকে ছাড়িয়ে যাবে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ২০০ মেগাপিক্সেলের এই সেন্সরটি হয়তো আইফোন ১৯ প্রো, অ্যাপলের ভবিষ্যৎ ফোল্ডেবল ডিভাইস অথবা আইফোনের ২০তম বার্ষিকীর বিশেষ সংস্করণে প্রথম দেখা যেতে পারে।
এদিকে, মর্গান স্ট্যানলির এক প্রতিবেদনে আগে উল্লেখ করা হয়েছিল, অ্যাপল ২০২৮ সালের মধ্যে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা প্রযুক্তি বাজারে আনতে পারে। তবে এই সেন্সর সব মডেলে ব্যবহৃত হবে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য নেই।
সিএ/এমআর


