যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের জন্য ঘোষিত যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে ভারত। বুধবার আলজাজিরার এক প্রতিবেদনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য জানানো হয়।
এক বিবৃতিতে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, চলমান সংঘাত ইতিমধ্যেই ব্যাপক মানবিক সংকট তৈরি করেছে এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্য ব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলেছে। এই পরিস্থিতিতে যুদ্ধবিরতিকে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে দেশটি।
ভারত আরও জোর দিয়ে বলেছে, মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে চলমান উত্তেজনা কমানোর একমাত্র কার্যকর পথ হলো সংলাপ ও কূটনীতি। দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান খুঁজে বের করার ওপর গুরুত্বারোপ করেছে নয়াদিল্লি।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালির স্থিতিশীলতা বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছে ভারত। দেশটি আশা প্রকাশ করেছে, এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথে নৌ চলাচল স্বাভাবিক থাকবে এবং বৈশ্বিক বাণিজ্য প্রবাহ অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘দুই সপ্তাহের জন্য’ ইরানের ওপর বোমা হামলা ও সামরিক অভিযান স্থগিত রাখার ঘোষণা দেন। এর পর কিছু শর্ত সাপেক্ষে ইরানও এই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানা গেছে।
সিএ/এএ


