চুয়াডাঙ্গায় হঠাৎ বয়ে যাওয়া কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে জেলার বিস্তীর্ণ ফসলের মাঠে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মাত্র এক ঘণ্টার ঝোড়ো হাওয়ায় ভুট্টা, ধান, পান, আমের গুটি ও বিভিন্ন সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে ভুট্টা, অনেক ক্ষেতেই গাছ মাটিতে লুটিয়ে পড়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, জেলায় মোট ৯৭ হাজার ৩৬৯ হেক্টর জমিতে আবাদ করা ফসলের মধ্যে প্রায় ৩৯৫ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত ফসলের মধ্যে রয়েছে ভুট্টা ২৬৩ হেক্টর, বোরো ধান ৬০ হেক্টর, কলা ৪১ হেক্টর, পেঁপে ১১ হেক্টর, আম ৫ হেক্টর, সবজি ১২ হেক্টর এবং পান ৩ হেক্টর। তবে মোট ফলনের ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা হচ্ছে।
চুয়াডাঙ্গার অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মিঠু চন্দ্র অধিকারী বলেন, ‘হঠাৎ ঝড়-বৃষ্টিতে ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলনের ক্ষতি নিরূপণে মাঠপর্যায়ে কাজ চলছে। একই সঙ্গে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।’
মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে হওয়া এই ঝড়-বৃষ্টির কারণে জেলার বিভিন্ন স্থানে গাছ ও ডালপালা ভেঙে সড়কের ওপর পড়ে, এতে সাময়িকভাবে যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটে বলে জানা গেছে।
সিএ/এএ


