রাসুলুল্লাহ (সা.)-এর জীবনে পারিবারিক সম্পর্ক ছিল গভীর ভালোবাসা ও সম্মানের ওপর প্রতিষ্ঠিত। তাঁর কন্যা ফাতেমা (রা.)-এর প্রতি তাঁর স্নেহ ও মমতা ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য, যা মুসলিম সমাজের জন্য আদর্শ হিসেবে বিবেচিত হয়।
হাদিসে বর্ণিত হয়েছে, আয়েশা (রা.) বলেন, একদিন নবী করিম (সা.)-এর স্ত্রীগণ তাঁর কাছে উপস্থিত ছিলেন। এ সময় ফাতেমা (রা.) আগমন করলে তাঁর হাঁটার ধরন রাসুল (সা.)-এর সঙ্গে পুরোপুরি মিলে যায়। তখন তিনি তাকে স্বাগত জানিয়ে বললেন, ‘বাহ, আমার কন্যার শুভাগমন হোক।’ এরপর তাকে নিজের পাশে বসান।
এরপর তিনি তাকে কানে কানে কিছু বললে ফাতেমা (রা.) কেঁদে ফেলেন। পরে আবার কিছু বললে তিনি হাসতে শুরু করেন। বিষয়টি দেখে আয়েশা (রা.) জানতে চাইলে তিনি তা প্রকাশ করতে অস্বীকৃতি জানান।
পরবর্তীতে রাসুল (সা.)-এর ইন্তেকালের পর ফাতেমা (রা.) জানান, প্রথমবার তিনি শুনেছিলেন যে জিবরাইল (আ.) এ বছর দুইবার কোরআন শোনিয়েছেন, যা তাঁর মৃত্যুর নিকটবর্তী হওয়ার ইঙ্গিত। এ সংবাদে তিনি কেঁদে ফেলেন। এরপর রাসুল (সা.) তাকে জানান, তিনি জান্নাতে নারীদের নেতা হবেন—এই সুসংবাদে তিনি আনন্দিত হন।
এই ঘটনাটি পারিবারিক ভালোবাসা, সম্মান ও আধ্যাত্মিক বন্ধনের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়, যা প্রতিটি মুসলিম পরিবারের জন্য অনুসরণীয়।
সিএ/এমআর


