মার্কিন তদন্ত সংস্থা এফবিআই জানিয়েছে, টেলিগ্রাম ব্যবহার করে বিশ্বজুড়ে ভিন্নমতাবলম্বী, বিরোধী গোষ্ঠী ও সাংবাদিকদের লক্ষ্য করে তথ্য চুরির কার্যক্রম চালাচ্ছে ইরান-সমর্থিত হ্যাকাররা। সম্প্রতি প্রকাশিত এক সতর্কবার্তায় সংস্থাটি এই বিষয়ে বিস্তারিত তুলে ধরেছে।
এফবিআই বলছে, হ্যাকাররা পরিচিত ব্যক্তির ছদ্মবেশ ধারণ করে টেলিগ্রামের মাধ্যমে ভুক্তভোগীদের কাছে পৌঁছায় এবং তাদের ডিভাইসে ম্যালওয়্যার ছড়িয়ে দেয়। প্রথমে তারা টেকনিক্যাল সাপোর্ট বা পরিচিত কারও পরিচয়ে যোগাযোগ করে এবং এরপর বিভিন্ন কৌশলে ক্ষতিকর লিংকে ক্লিক করতে প্রলুব্ধ করে।
এই লিংকগুলো সাধারণত টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপের মতো বৈধ অ্যাপের ছদ্মবেশে তৈরি করা হয়। ব্যবহারকারী একবার সেটি ইনস্টল করলে আক্রান্ত ডিভাইসটি একটি নির্দিষ্ট টেলিগ্রাম বটের সঙ্গে সংযুক্ত হয়ে যায়। ফলে দূর থেকে হ্যাকাররা সহজেই কম্পিউটার নিয়ন্ত্রণ নিতে পারে।
এফবিআই জানিয়েছে, এভাবে হ্যাকাররা ফাইল চুরি, স্ক্রিনশট নেওয়া এবং জুম কল রেকর্ড করার মতো কার্যক্রম চালাতে সক্ষম হয়। বৈধ নেটওয়ার্ক ট্রাফিকের আড়ালে এসব কার্যক্রম পরিচালিত হওয়ায় সেগুলো শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
সংস্থাটি আরও বলেছে, এসব হামলার সঙ্গে জড়িত হ্যাকাররা ইরানের গোয়েন্দা ও নিরাপত্তা মন্ত্রণালয়ের হয়ে কাজ করছে বলে ধারণা করা হচ্ছে। এটি রাজনৈতিক উদ্দেশ্য পূরণের একটি কৌশল হিসেবেও উল্লেখ করা হয়েছে।
সতর্কবার্তায় ‘হানডালা’ নামের একটি হ্যাকটিভিস্ট গোষ্ঠীর কথাও উল্লেখ করা হয়েছে। যদিও নির্দিষ্ট এসব হামলায় তাদের সম্পৃক্ততা নিশ্চিত নয়, তবে এর আগে তারা একটি মার্কিন মেডিকেল প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর হামলার দায় স্বীকার করেছিল।
এদিকে, টেলিগ্রামের পক্ষ থেকে জানানো হয়েছে, প্ল্যাটফর্মে ম্যালওয়্যার সংশ্লিষ্ট যেকোনো অ্যাকাউন্ট নিয়মিত শনাক্ত করে অপসারণ করা হচ্ছে।
সিএ/এমআর


