দেশে জ্বালানি সংকটের আশঙ্কার মধ্যে গ্যাস সরবরাহে রেশনিং চালুর সিদ্ধান্তের প্রভাব পড়েছে শিল্প খাতে। এরই ধারাবাহিকতায় সিলেটের ফেঞ্চুগঞ্জে অবস্থিত শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে এক মাসের জন্য উৎপাদন বন্ধ রাখা হয়েছে।
সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কাজী আশরাফুল ইসলাম। তিনি জানান, প্রাকৃতিক গ্যাসের ঘাটতির কারণে এপ্রিল মাসজুড়ে কারখানার উৎপাদন বন্ধ রাখা হবে।
তিনি আরও বলেন, গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে মে মাস থেকে পুনরায় উৎপাদন শুরু করার পরিকল্পনা রয়েছে। বর্তমানে কারখানায় পর্যাপ্ত সার মজুত থাকায় সাধারণ মানুষের জন্য তেমন কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই।
কারখানা বন্ধ থাকলেও শ্রমিক ও কর্মকর্তাদের নিয়মিত কার্যক্রম চালু রয়েছে। এই সময়টাতে কারখানার প্রয়োজনীয় মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ সম্পন্ন করা হচ্ছে।
গ্যাস সরবরাহ পুনরায় চালু হলে দ্রুত উৎপাদন শুরু করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সিএ/এমআর


