ভোলার লালমোহন উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. আলিফ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) দুপুরের দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আলিফ উপজেলার কালমা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চরছকিনা এলাকার বাসিন্দা মো. ওবায়েদুর রহমান কাজল মুন্সির ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরের দিকে বাড়ির উঠানে অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল আলিফ। খেলার একপর্যায়ে বসতঘরের পাশের পুকুরে পড়ে যায় সে। কিছু সময় পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে পুকুরের পানিতে আলিফকে ভাসতে দেখে উদ্ধার করা হয়। পরে দ্রুত তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. অলিউল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ঘটনায় কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সিএ/এএ


