গাড়ি চালানোর অভিজ্ঞতাকে আরও স্মার্ট ও সহজ করতে অ্যাপল কারপ্লেতে ভয়েস মোড ফিচার যুক্ত করেছে ওপেনএআই। এর ফলে ব্যবহারকারীরা এখন গাড়িতে বসেই স্মার্টফোন হাতে না নিয়ে সরাসরি চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথন করতে পারবেন।
প্রযুক্তি সংশ্লিষ্ট প্রতিবেদনে বলা হয়েছে, কারপ্লে সমর্থিত গাড়িতে আইফোন এবং চ্যাটজিপিটি অ্যাপের সর্বশেষ সংস্করণ ব্যবহার করলেই এ সুবিধা পাওয়া যাবে। ফিচারটি চালু করতে আইফোন আপডেট করে কারপ্লের সঙ্গে সংযুক্ত করতে হবে এবং অ্যাপ থেকে নিউ ভয়েস চ্যাট অপশন নির্বাচন করতে হবে। এরপর স্ক্রিনে লিসেনিং নির্দেশনা দেখা গেলে ব্যবহারকারী এআইয়ের সঙ্গে কথা বলা শুরু করতে পারবেন।
তবে এই ফিচারের কিছু সীমাবদ্ধতাও রয়েছে। চ্যাটজিপিটি গাড়ির অভ্যন্তরীণ কোনো ফাংশন নিয়ন্ত্রণ করতে পারে না। ফলে তাপমাত্রা নিয়ন্ত্রণ বা গান পরিবর্তনের মতো কাজের জন্য এখনও ব্যবহারকারীকে সিরির ওপর নির্ভর করতে হবে।
এ ছাড়া অ্যাপলের নীতিমালার কারণে সিরির মতো নির্দিষ্ট কোনো ওয়েক ওয়ার্ড ব্যবহার করে সরাসরি এই ফিচার চালু করা সম্ভব নয়। আগের কথোপকথন চালিয়ে যেতে চাইলে ব্যবহারকারীকে অ্যাপ খুলে রিসেন্ট বা পিন করা চ্যাটে প্রবেশ করতে হবে।
এসব সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও ওপেনএআই জানিয়েছে, ভয়েস মোড ব্যবহার করে ব্যবহারকারীরা বিভিন্ন বিষয়ে পরামর্শ নিতে, নতুন ধারণা নিয়ে ভাবতে কিংবা নতুন ভাষা শেখার চর্চা করতে পারবেন।
সিএ/এমআর


