রাঙামাটির কাপ্তাই উপজেলায় রাতের আঁধারে আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ( ৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সিনেমা হল এলাকায় এ ঘটনা ঘটে।
আহত নেতার নাম মো. মামুন (৪২)। তিনি চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অজ্ঞাতপরিচয়ের চার থেকে পাঁচজন দুর্বৃত্ত হঠাৎ রামদা ও ধারালো অস্ত্র নিয়ে মো. মামুনের ওপর হামলা চালান। এতে তিনি মাথা, হাত ও শরীরের বিভিন্ন স্থানে জখম হন।
ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চন্দ্রঘোনা ক্রিশ্চিয়ান মিশন হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
মো. মামুনের বোন পান্না আক্তার প্রথম আলোকে বলেন, ‘আমার ভাইটারে জানে মারতে চেয়েছিল। আগে আওয়ামী লীগ করত, এটা কি তাঁর অপরাধ? তাঁর শরীরের বিভিন্ন জায়গায় জখম করা হয়েছে।’
চন্দ্রঘোনা ইউপির চেয়ারম্যান মো. আক্তার হোসেন জানান, ‘মামুন বর্তমানে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি। ভোর পাঁচটায় তার অস্ত্রোপচার হয়েছে। পরিবারের পক্ষ থেকে আপাতত তার সুস্থতার দিকে নজর দেওয়া হচ্ছে। এরপর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান বলেন, বিষয়টি তাদের জানা গেছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সিএ/এমই


