জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সিঙ্গাপুর থেকে ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে ‘এমটি ইউয়ান জিং হে’ নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। শুক্রবার দুপুরে জাহাজটি বন্দরের ডলফিন জেটিতে ভেড়ানো হয়।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে এটি চট্টগ্রাম বন্দরে আসা নবম ডিজেলবাহী জাহাজ। একই দিনে একটি এলএনজি ও একটি এলপিজিবাহী জাহাজও বন্দরের জলসীমায় প্রবেশ করেছে এবং সেগুলোর খালাস কার্যক্রম চলমান রয়েছে।
বন্দর সূত্র জানিয়েছে, এসব জাহাজ কুতুবদিয়া ও মহেশখালী উপকূলীয় এলাকায় অবস্থান করছে। পাশাপাশি মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে আরেকটি জাহাজ রাতের মধ্যে বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন জানিয়েছে, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় জ্বালানি সরবরাহ নিশ্চিত রাখতে বিকল্প উৎস থেকে আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। পাইপলাইনে থাকা জ্বালানি ও গ্যাসের পাশাপাশি এসব আমদানি দেশের চাহিদা পূরণে সহায়ক হবে।
সিএ/এমআর


