নারায়ণগঞ্জে পৃথক দুটি অভিযানে মোট ১৩ হাজার ৯৮০ লিটার অবৈধভাবে মজুদ করা ডিজেল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুই ব্যক্তিকে জরিমানা ও বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
প্রথম অভিযানে সন্ধ্যা ৬টার দিকে গোদনাইলের মেঘনা ডিপোর ঈদগাহ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৯ হাজার ১০০ লিটার ডিজেল জব্দ করা হয়। এ সময় অবৈধ মজুদদার সিফাতকে ছয় হাজার টাকা জরিমানা এবং দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
পরবর্তীতে দ্বিতীয় অভিযানে একই এলাকার এস এ রোড সংলগ্ন একটি বাড়িতে অভিযান চালিয়ে আরও ৪ হাজার ৮৮০ লিটার ডিজেল জব্দ করা হয়। এ ঘটনায় অভিযুক্ত নাসিরকে তিন হাজার টাকা জরিমানা এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি তেলের অবৈধ মজুদ ও কারসাজি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সিএ/এএ


