ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতের প্রেক্ষাপটে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে অস্থিরতা দেখা দিয়েছে। এর মধ্যেই শিগগিরই ৬টি বাংলাদেশি জাহাজ এই প্রণালি অতিক্রম করবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জালিল রাহিমি জাহানাবাদী। বুধবার (১ এপ্রিল) ঢাকায় দূতাবাসে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। এক মাসে অপরিশোধিত তেলের দাম প্রায় ৫৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানান বিশ্লেষকরা। এই পরিস্থিতিতে হরমুজ প্রণালির গুরুত্ব আরও বেড়েছে, কারণ বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি এই পথ দিয়ে পরিবাহিত হয়।
ইরানি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের পক্ষ থেকে জাহাজ পারাপারের বিষয়ে সহায়তা চাওয়া হলেও শুরুতে পর্যাপ্ত তথ্য না থাকায় জাহাজগুলো শনাক্ত করা সম্ভব হয়নি। পরবর্তীতে প্রয়োজনীয় তথ্য পাওয়ার পর এখন জাহাজগুলো পার করার প্রক্রিয়া চলছে।
তিনি বলেন, বাংলাদেশ সরকার জাহাজগুলোর পূর্ণাঙ্গ তথ্য, জ্বালানির ধরন এবং রুট সম্পর্কিত বিস্তারিত তথ্য সরবরাহ করেছে, যা এখন তেহরানে প্রক্রিয়াধীন রয়েছে।
রাষ্ট্রদূত আরও জানান, বাংলাদেশি ৬টি জাহাজের বিষয়টি ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ অনুমোদন দিয়েছে। তবে পূর্ণাঙ্গ তথ্য না পাওয়ায় প্রথমে সেগুলো চিহ্নিত করা সম্ভব হয়নি। এখন সব তথ্য হাতে আসায় প্রক্রিয়া দ্রুত এগোচ্ছে।
তিনি বলেন, বাংলাদেশি জাহাজগুলোর হরমুজ প্রণালি পারাপারে কোনো বাধা নেই। ইরান এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করবে।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। ইরান হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ জোরদার করার পর থেকে এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে জাহাজ চলাচল সীমিত হয়ে পড়ে। বিশেষ অনুমোদন ছাড়া কোনো জাহাজকে এই জলপথ অতিক্রম করতে দেওয়া হচ্ছে না বলে জানা গেছে।
ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, শুধুমাত্র ‘বন্ধুপ্রতীম’ দেশগুলোর জাহাজই এই পথ ব্যবহার করতে পারছে। এর মধ্যেই বাংলাদেশ এই তালিকায় রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
রাষ্ট্রদূত জাহানাবাদী বলেন, বাংলাদেশ ও ইরানের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তাই বাংলাদেশি জাহাজ চলাচলে কোনো ধরনের অসুবিধা যাতে না হয়, সে বিষয়ে তারা সর্বোচ্চ সহযোগিতা করবে।
এদিকে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছেন বলে জানান তিনি।
সিএ/এএ


