পটুয়াখালীর বাউফলে চাঁদার দাবিতে এক কৃষককে মারধরের ঘটনায় স্থানীয় লোকজন পিটুনি দিয়ে তিনজনকে পুলিশে সোপর্দ করেন। তবে হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। মঙ্গলবার দুপুরে নদীবেষ্টিত চরওয়াডেল গ্রামে এ ঘটনা ঘটে।
আহত কৃষকের নাম মো. ফিরোজ গাজী (৪০)। তিনি চরওয়াডেল গ্রামের বাসিন্দা। সন্ধ্যা পৌনে ছয়টার দিকে তাঁকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পিটুনিতে নিহত ব্যক্তি উজ্জল কর্মকার (৪০) ছিলেন কালাইয়া গ্রামের বাসিন্দা। স্থানীয়দের বক্তব্য, ফিরোজ তরমুজ চাষ করেন। কয়েকদিন ধরে তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করছিলেন মিজানুর রহমান (৪৫)। মঙ্গলবার বেলা তিনটার দিকে ফিরোজ খেত থেকে তরমুজ তুলছিলেন। তখন মিজানুর ও ৮-১০ জন রামদা ও লাঠিসোঁটা নিয়ে এসে তরমুজ তুলতে বাধা দেন। টাকা না দেওয়ার অস্বীকৃতি জানালে ফিরোজকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়।
ফিরোজের চিৎকারে স্থানীয়রা হামলাকারীদের ধাওয়া দেন। মিজানুর, উজ্জল ও শামীমকে আটক করে পিটুনি দিয়ে চন্দ্রদ্বীপের অস্থায়ী পুলিশ ক্যাম্পে সোপর্দ করা হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে উজ্জলের মৃত্যু হয়। মিজানুর প্রাথমিক চিকিৎসা নিয়েছেন, শামীমকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সিএ/এমই


