সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫ দ্রুত আইন হিসেবে পাস করার দাবি জানিয়েছে বিচারকদের সংগঠন ‘ইয়াং জাজেস ফর জুডিশিয়াল রিফর্ম’। তারা সংসদের প্রথম অধিবেশনের ৩০ দিনের মধ্যে এই অধ্যাদেশ পাসের আহ্বান জানিয়েছে।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি জানায়, বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করতে সংবিধানের প্রয়োজনীয় সংশোধনও জরুরি। রাজনৈতিক দলগুলোর নির্বাচনী অঙ্গীকার ও জাতীয় ঐকমত্যের আলোকে এই উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ২০২৩ সালের ৩০ নভেম্বর জারি করা এই অধ্যাদেশ বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মাসদার হোসেন মামলার রায়ের আলোকে এবং সংবিধানের নির্দেশনা অনুসারে এটি প্রণয়ন করা হয়েছে।
সংগঠনটি আরও উল্লেখ করে, ১৯৯৯ সালের ঐতিহাসিক রায়ে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করার নির্দেশনা দেওয়া হয়েছিল। যদিও পরবর্তী সময়ে আংশিক পৃথকীকরণ বাস্তবায়িত হয়, তবে অধস্তন আদালতের ওপর নির্বাহী নিয়ন্ত্রণ পুরোপুরি দূর হয়নি।
তারা মনে করে, নতুন অধ্যাদেশ কার্যকর হলে বিচার বিভাগের কাঠামোগত স্বাধীনতা আরও সুসংহত হবে। একই সঙ্গে জনগণের ন্যায়বিচার প্রাপ্তির অধিকারও আরও নিশ্চিত হবে।
বিবৃতিতে আরও বলা হয়, বিচার বিভাগের স্বাধীনতা আইনের শাসনের অন্যতম ভিত্তি। তাই এই অধ্যাদেশ দ্রুত সংসদে পাস করার মাধ্যমে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রত্যাশা করা হচ্ছে।
সিএ/এমআর


