ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে আদালত স্বামী রাশেদ মোল্লাকে (৩১) আমৃত্যু কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। একই মামলার অপর ধারায় তাকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। আদালতের রায় অনুযায়ী, এই দুই ধারার কারাদণ্ড একই সঙ্গে ভোগ করা যাবে।
রাশেদ মোল্লার স্ত্রী জোসনা বেগম (২১) ২০২০ সালের ১৭ জুলাই মৃত্যু বরণ করেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৯ সালে তাদের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর রাশেদ ৫০ হাজার টাকা যৌতুক নেন এবং স্ত্রীকে তাঁর স্বর্ণালংকার বিক্রি করে টাকা দিতে বাধ্য করেন। ২০২০ সালের ১৬ জুলাই আবারও যৌতুক দাবিতে মারধর এবং কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে তিনি স্ত্রীর জীবনহানির চেষ্টা করেন। জোসনা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন এবং পরদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক জেলা ও দায়রা জজ শামীমা পারভীন আজ সোমবার বেলা একটার দিকে রায় ঘোষণা করেন। রাশেদ রায় ঘোষণার পর পুলিশি পাহারায় জেলা কারাগারে নেওয়া হয়।
মামলায় রাশেদের বড় ভাই হাসিব মোল্লাকে ঘটনায় সরাসরি সংশ্লিষ্টতা না থাকার কারণে আদালত অব্যাহতি দিয়েছেন।
সিএ/এমই


