বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা জানিয়েছেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে একটি লাভজনক ও যাত্রীবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।
সোমবার কুর্মিটোলার বলাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতও উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, “আমরা আপনাদের সহযোগিতা করতে এসেছি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে একটি লাভজনক ও যাত্রীবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে চাই।” তিনি আরও বলেন, “আপনাদের বেতন আসে সাধারণ যাত্রীদের অর্থ থেকে। তাই তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা আপনাদের নৈতিক দায়িত্ব”।
তিনি কর্মীদের দক্ষতা মূল্যায়নের ভিত্তিতে পদোন্নতির ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শূন্যপদ দ্রুত পূরণ এবং বেতন-ভাতা সন্তোষজনক পর্যায়ে উন্নীত করার আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিমন্ত্রী বলেন, “বর্তমান সরকার জনবান্ধব ও গণতান্ত্রিক। তাই আমরা বিমানকে একটি অনুসরণীয় প্রতিষ্ঠানে পরিণত করতে চাই।”
সভায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উন্নয়নে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এর মধ্যে নতুন উড়োজাহাজ সংযোজন, প্রবীণ ও বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের জন্য হুইলচেয়ার বৃদ্ধি এবং আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইটের সংযোগ জোরদারের বিষয়টি গুরুত্ব পায়।
সভা শেষে মন্ত্রী ও প্রতিমন্ত্রী বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার পরিদর্শন করেন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার মান পর্যবেক্ষণ করেন।
সিএ/এমআর


