বর্তমান সময়ে বড় প্রতিষ্ঠান থেকে শুরু করে ক্ষুদ্র উদ্যোক্তা পর্যন্ত অনেকেই ব্যবসার জন্য ব্যাংক ঋণের ওপর নির্ভরশীল। নির্দিষ্ট সুদে ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা করা ইসলামি শরিয়তের দৃষ্টিতে বৈধ কিনা—এমন প্রশ্নের জবাব দিয়েছেন বিশিষ্ট ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ।
এক অনুসারীর প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সুদি ব্যাংক থেকে সুদ ভিত্তিক ঋণ নিয়ে যদি ব্যবসা করা হয়, তাহলে সে ব্যবসা হালাল হবে না। সেই ব্যবসা বা সেই ব্যবসার উপার্জন খাওয়া জায়েজ হবে না।’
তিনি ব্যাখ্যা করেন, ইসলামি শরিয়তের দৃষ্টিতে সুদ একটি গুরুতর হারাম কাজ এবং এটি কবিরা গুনাহ হিসেবে বিবেচিত। পবিত্র কোরআনে ব্যবসাকে হালাল এবং সুদকে হারাম ঘোষণা করা হয়েছে। ফলে সুদের ভিত্তিতে নেওয়া অর্থ দিয়ে পরিচালিত ব্যবসার ভিত্তিই হারামের ওপর প্রতিষ্ঠিত হয়।
এ কারণে সেই ব্যবসা থেকে অর্জিত মুনাফাও শরিয়তের দৃষ্টিতে বৈধ থাকে না বলে উল্লেখ করেন তিনি। বিষয়টি নিয়ে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
শরিয়তসম্মত বিকল্প হিসেবে তিনি ইসলামিক ব্যাংকিং ব্যবস্থার ‘মুদারাবা’ বা ‘মুশারাকা’ পদ্ধতিতে বিনিয়োগ গ্রহণ, সুদমুক্ত ব্যক্তিগত ঋণ নেওয়া এবং অংশীদারিত্ব ভিত্তিক ব্যবসা পরিচালনার পরামর্শ দেন।
সিএ/এমআর


