চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় এক কিশোরীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগে এক নারীসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
শনিবার বিকেলে জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারদের মধ্যে রয়েছেন আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর গ্রামের কয়েকজন এবং শিয়ালমারি গ্রামের একজন বাসিন্দা। এছাড়া ঘটনায় সহায়তার অভিযোগে পৌর এলাকার এক নারীও গ্রেফতার হয়েছেন।
পুলিশ জানায়, ২৫ মার্চ বেড়ানোর কথা বলে ওই কিশোরীকে শহরের বড় বাজারে আনা হয়। পরে তাকে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে জিম্মি করে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়।
ঘটনার পর ভুক্তভোগীকে ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেওয়া হয়। অসুস্থ হয়ে পড়লে তিনি পরিবারের কাছে বিষয়টি জানান এবং পরবর্তীতে থানায় মামলা দায়ের করা হয়।
পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীর চিকিৎসা ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হবে।
সিএ/এমআর


