ঈদের বিরতির পর ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রম পুনরায় সচল করতে প্রথমবারের মতো সংসদ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মুলতবি অধিবেশন শুরুর আগে এই বৈঠককে সংসদীয় কার্যক্রম গতিশীল করার অংশ হিসেবে দেখা হচ্ছে।
শনিবার বেলা ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে এই বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। বৈঠকে সরকার ও বিরোধী দলের মোট ১১ জন সদস্য অংশ নেন বলে জানা গেছে।
এদিকে একই দিনে বিকেলে সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দীর্ঘ ১৩ দিনের বিরতির পর আগামীকাল রোববার বিকেল ৩টায় জাতীয় সংসদের মুলতবি অধিবেশন পুনরায় শুরু হবে।
সংসদের প্রথম অধিবেশন এপ্রিল মাসজুড়ে চলবে বলে জানা গেছে। এতে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা এবং অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে গত ১২ মার্চ অধিবেশন শুরু হয়ে ১৫ মার্চ স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তা মুলতবি ঘোষণা করেন।
সংসদ সচিবালয়ের সূত্রে জানা গেছে, অধিবেশন শুরুর আগে সংসদীয় কার্যক্রমকে আরও কার্যকর ও নিয়মিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছিল। আজকের এই বৈঠকের মাধ্যমে সংসদীয় কমিটিগুলোর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো।
সিএ/এমআর


