জ্বালানি সংকট মোকাবিলা ও সরবরাহ স্বাভাবিক রাখতে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে ৫ হাজার মেট্রিক টন ডিজেল আনা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্যমান চুক্তির আওতায় এই সরবরাহ অব্যাহত রয়েছে।
ডিপো সূত্রে জানা গেছে, শুক্রবার এ চালানটি দেশে পৌঁছায়। পার্বতীপুর ডিপো ম্যানেজার আহসান হাবিব চৌধুরী বলেন, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের আওতায় আগামী শনিবার থেকে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহ শুরু হবে, যা সম্পূর্ণ আসতে প্রায় তিন দিন সময় লাগবে।
দেশের উত্তরাঞ্চলে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ভারত থেকে সরাসরি পাইপলাইনের মাধ্যমে এই সরবরাহ কার্যক্রম পরিচালিত হচ্ছে। ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটেড ও নুমালীগড় রিফাইনারি লিমিটেড থেকে ইতোমধ্যে ১৫ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহ করা হয়েছে।
জ্বালানি সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানিয়েছেন, ডিপো থেকে সরবরাহ পাওয়া তেল দ্রুত শেষ হয়ে যাচ্ছে। চাহিদার তুলনায় সরবরাহ এখনও পর্যাপ্ত নয় বলে তারা মনে করছেন।
২০১৮ সালে স্বাক্ষরিত দ্বিপক্ষীয় চুক্তির আওতায় ভারতের শিলিগুড়ি হয়ে পঞ্চগড় ও নীলফামারী অতিক্রম করে পার্বতীপুরে এই পাইপলাইন স্থাপন করা হয়। এর মাধ্যমে দ্রুত ও নিরবচ্ছিন্নভাবে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব হচ্ছে।
সরকারের পক্ষ থেকে জ্বালানি মজুত স্বাভাবিক রাখা এবং সরবরাহে স্থিতিশীলতা বজায় রাখতে এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
সিএ/এমআর


