মদিনার উত্তর-পূর্বাঞ্চলে আগ্নেয় শিলায় ঘেরা হাররাতুল কুসাইবা অঞ্চলে অবস্থিত একটি ঐতিহাসিক স্থান, যা ইসলামের প্রাথমিক যুগের গুরুত্বপূর্ণ স্মৃতি বহন করে। এই অঞ্চলের উসবাহ এলাকায় আজও একটি প্রাচীন মসজিদের ধ্বংসাবশেষ দেখা যায়, যা ‘মসজিদে উসবাহ’ বা ‘মসজিদে বনী আমর ইবনে লুয়াই’ নামে পরিচিত।
বর্তমানে কালো ব্যাসাল্ট পাথরে নির্মিত ছাদবিহীন কাঠামোটি অতীতের সাক্ষ্য বহন করে দাঁড়িয়ে আছে। ইসলামের ইতিহাসে এই মসজিদের গুরুত্ব বিশেষভাবে উল্লেখযোগ্য। মহানবী হজরত মুহাম্মদ (সা.) মদিনায় হিজরতের আগেই মক্কা থেকে আগত প্রথমদিকের সাহাবীরা এখানে অবস্থান নিয়েছিলেন।
এই মসজিদে ইমামতি করতেন হজরত সালিম (রা.), যিনি আবু হুজাইফা (রা.)-এর মুক্তদাস ছিলেন। কোরআন তিলাওয়াতে তাঁর দক্ষতা এতটাই উচ্চমানের ছিল যে, হজরত ওমর (রা.) ও আবু সালামা (রা.)-এর মতো জ্যেষ্ঠ সাহাবীরাও তাঁর পেছনে নামাজ আদায় করতেন।
ঐতিহাসিক বর্ণনায় উল্লেখ রয়েছে, হিজরতের সময় কুবায় অবস্থানকালে মহানবী (সা.) এই মসজিদে এসে নামাজ আদায় করেন। ইবনে জাবালাহ ও ইবনে নাজ্জারের মতে, এটি এমন একটি স্থান যেখানে তিনি সিজদায় গিয়ে দোয়া করতেন।
বর্তমানেও এই নিভৃত প্রান্তরে গেলে প্রাচীন মদিনার আধ্যাত্মিক পরিবেশ অনুভব করা যায়। প্রত্নতাত্ত্বিক ও ইতিহাস গবেষকদের কাছে এটি গুরুত্বপূর্ণ একটি নিদর্শন হিসেবে বিবেচিত হয়।
সিএ/এমআর


