স্বপ্নে আল্লাহতায়ালার সামনে নিজেকে উপস্থিত দেখতে পাওয়া বিষয়ে ইসলামী চিন্তায় বিভিন্ন ব্যাখ্যা রয়েছে। আলেমদের বর্ণনা অনুযায়ী, এমন স্বপ্ন ব্যক্তির ঈমান, আমল ও অবস্থার ওপর নির্ভর করে ভিন্ন অর্থ বহন করতে পারে।
আবু আব্দুল্লাহ তাসতারি (রহ.)-এর একটি বর্ণনায় উল্লেখ আছে, তিনি স্বপ্নে কেয়ামতের দৃশ্য দেখেন এবং একাধিক স্তরের আসমান অতিক্রম করে শেষ পর্যন্ত আল্লাহর সামনে উপস্থিত হন। সেখানে আদম (আ.)-এর সঙ্গে সাক্ষাৎ এবং আল্লাহর পক্ষ থেকে ক্ষমার বার্তা পাওয়ার ঘটনাও বর্ণিত হয়েছে।
আরেক বর্ণনায় বিশর বিন হারিস (রহ.)-এর কাছে একজন ব্যক্তি এসে জানায়, তিনি স্বপ্নে আল্লাহতায়ালাকে দেখেছেন এবং তাকে একটি বার্তা পৌঁছে দিতে বলা হয়েছে। এতে আল্লাহর পক্ষ থেকে বিশেষ অনুগ্রহের কথা উল্লেখ ছিল।
আলেমদের মতে, স্বপ্নে আল্লাহর সামনে নিজেকে দাঁড়ানো অবস্থায় দেখলে স্বপ্নদ্রষ্টা সৎ হলে তা রহমত হিসেবে বিবেচিত হয়। তবে অসৎ হলে এটি সতর্কবার্তা হতে পারে।
স্বপ্নে আল্লাহর সঙ্গে কানে কানে কথা বলা বা পর্দার আড়াল থেকে কথা বলার দৃশ্য নৈকট্য ও মর্যাদা বৃদ্ধির ইঙ্গিত দেয় বলে ব্যাখ্যা করা হয়। তবে সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতে দেখলে তা বিভ্রান্তির লক্ষণ হিসেবেও ধরা হয়।
এছাড়া আল্লাহর প্রতি সেজদা করতে দেখলে নৈকট্য লাভের ইঙ্গিত পাওয়া যায়। অন্যদিকে আল্লাহর অসন্তুষ্টি বা রাগান্বিত অবস্থা দেখা গেলে তা সতর্ক হওয়ার সংকেত হিসেবে বিবেচিত হয়।
আলেমরা আরও বলেন, স্বপ্নে কোনো নির্দিষ্ট স্থানে আল্লাহর সামনে উপস্থিত হওয়া ওই স্থানে ন্যায়বিচার প্রতিষ্ঠার ইঙ্গিত বহন করতে পারে।
সব মিলিয়ে, এ ধরনের স্বপ্নের ব্যাখ্যা নির্ভর করে স্বপ্নদ্রষ্টার চরিত্র, পরিস্থিতি ও স্বপ্নের প্রেক্ষাপটের ওপর।
সিএ/এমআর


