কক্সবাজার সমুদ্র সৈকতে উচ্ছেদ করা অবৈধ স্থাপনার জায়গাগুলো পুনরায় দখলমুক্ত রাখতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার বিকেল সাড়ে চারটার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্ট পরিদর্শনে গিয়ে তিনি উচ্ছেদ-পরবর্তী পরিস্থিতি সরেজমিনে দেখেন। এ সময় ট্যুরিস্ট পুলিশ ও জেলা প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।
জানা গেছে, এর আগে কক্সবাজার সফরকালে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সমুদ্র সৈকতের সব অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ দিয়েছিলেন মন্ত্রী। সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতে প্রশাসনের অভিযানে সুগন্ধা ও কলাতলী পয়েন্ট দখলমুক্ত করা হয়।
পরিদর্শনকালে উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় বালিয়াড়িতে কোনো ধরনের স্থাপনা রাখা যাবে না। মূল সৌন্দর্য অক্ষুণ্ণ রাখতে এসব এলাকা স্থাপনামুক্ত রাখা জরুরি।
এ সময় উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পুনর্বাসনের দাবি জানান। তবে সরকার সৈকতের পরিবেশ সংরক্ষণে বালিয়াড়ি সম্পূর্ণ দখলমুক্ত রাখার সিদ্ধান্তে অটল রয়েছে বলে স্পষ্ট করেন মন্ত্রী।
সিএ/এমআর


