একসঙ্গে একাধিক মুরগি জবাই করার ক্ষেত্রে প্রতিটি জবাইয়ের আগে আলাদাভাবে বিসমিল্লাহ বলা বাধ্যতামূলক। শুরুতে একবার বিসমিল্লাহ বললে কেবল প্রথমটির জবাই সহিহ হবে, পরবর্তী মুরগিগুলোর জবাই সহিহ হবে না এবং সেগুলো খাওয়াও হালাল হবে না।
শরিয়তের বিধান অনুযায়ী, পশু-পাখি হালাল হওয়ার জন্য নির্ধারিত নিয়ম মেনে জবাই করা আবশ্যক। তাই জবাইয়ের দায়িত্বে থাকা ব্যক্তিকে প্রতিটি পশু বা পাখির ক্ষেত্রে বিসমিল্লাহ বলা এবং নির্ধারিত রগ সঠিকভাবে কাটার বিষয়ে সতর্ক থাকতে হবে।
জবাই সম্পন্ন হওয়ার পর পশু-পাখি পুরোপুরি নিস্তেজ হওয়ার আগে কোনো অঙ্গ কেটে ফেললে তা খাওয়া জায়েজ হলেও এ কাজটি মাকরূহে তাহরিমি হিসেবে বিবেচিত হয়। কারণ এতে প্রাণীর অপ্রয়োজনীয় কষ্ট হয়।
জবাই সহিহ হওয়ার জন্য একাধিক ব্যক্তির প্রয়োজন নেই। একজন ব্যক্তি বিসমিল্লাহ পড়ে সঠিকভাবে জবাই করলেই তা সহিহ হবে। একইভাবে নারীরাও মুরগি বা অন্য পশু জবাই করতে পারেন।
জবাইয়ের সময় ভুলে বিসমিল্লাহ না বলা হলে জবাই সহিহ হয়ে যায় এবং তা হারাম হয় না। তবে ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ ছেড়ে দিলে সে পশু খাওয়া হারাম হবে। তাই এ বিষয়ে সচেতন থাকা জরুরি।
এ বিষয়ে ইবরাহিম নাখয়ি (রহ.)-এর বক্তব্য অনুযায়ী, ভুলবশত বিসমিল্লাহ না পড়লে তাতে কোনো সমস্যা নেই। এছাড়া কোনো মুসলমান বোবা ব্যক্তির জবাইও সহিহ হিসেবে গণ্য হবে।
সিএ/এমআর


