কক্সবাজারের মহেশখালী এলাকায় অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট এবং ট্রলিং জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। অভিযানের সময় একজন জেলেকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ( ৫ ডিসেম্বর) দুপুরে এই তথ্য জানান কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যা ৭টায় মহেশখালীর জ্যাম ঘাট এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। কোস্টগার্ডের কক্সবাজার ও মহেশখালী স্টেশন যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে ১টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। বোটে তল্লাশি চালিয়ে ৬টি ট্রলিং জালও উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১২ লাখ টাকা।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দ করা বোট ও জালের পাশাপাশি আটক জেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় ভবিষ্যতেও বাংলাদেশ কোস্টগার্ড এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
সিএ/এমই


