ইসলামে ঈদ একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব, যা আনন্দ ও আত্মিক উপলব্ধির প্রতীক। ঈদ শব্দের অর্থ ফিরে আসা, অর্থাৎ প্রতি বছর যে উৎসব ফিরে আসে তাকে ঈদ বলা হয়। ইসলামে দুটি প্রধান ঈদ রয়েছে—ঈদুল ফিতর ও ঈদুল আজহা।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘প্রত্যেক সম্প্রদায়ের ঈদ রয়েছে, আর আজ আমাদের ঈদ’। ঈদুল ফিতর মূলত রোজাদারদের জন্য আনন্দের দিন, কারণ এদিন আল্লাহ তাদের ইবাদতের প্রতিদান প্রদান করেন এবং গুনাহ মাফ করেন।
হাদিস অনুযায়ী, রোজাদারের দুটি আনন্দ রয়েছে—একটি ইফতারের সময় এবং অন্যটি তার রবের সঙ্গে সাক্ষাতের সময়। এক মাস রোজা পালনের মাধ্যমে একজন মুমিন আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেন এবং ঈদের দিনে সেই সফলতার আনন্দ অনুভব করেন।
তবে এই আনন্দের মধ্যেও সংযম বজায় রাখা জরুরি। ইসলাম অতিরিক্ত ভোগ-বিলাস বা অপসংস্কৃতি থেকে দূরে থাকার নির্দেশ দেয়। ঈদের আনন্দ যেন আত্মিক উন্নতি ও সামাজিক সম্প্রীতির প্রতিফলন হয়, সেটিই ইসলামের শিক্ষা।
ঈদ মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও পারস্পরিক ভালোবাসা জাগ্রত করে। এটি শুধু উৎসব নয়, বরং একটি জীবনবোধ, যেখানে খুশির সঙ্গে দায়িত্ববোধও সমানভাবে গুরুত্বপূর্ণ।
সিএ/এমআর


