বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় প্রায় ২৩ ঘণ্টা বন্ধ থাকার পর উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ পুনরায় চালু হয়েছে।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত ট্রেনের উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে এবং ক্ষতিগ্রস্ত লাইনে ট্রেন চলাচল শুরু হয়েছে।
তিনি বলেন, “সকালে দুর্ঘটনাকবলিত নীলসাগর এক্সপ্রেস ট্রেনের উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে। সেই লাইনে এরইমধ্যে ট্রেন চলাচল শুরু হয়েছে। শুক্রবার (২০মার্চ) থেকে শিডিউলে ফিরবে উত্তরবঙ্গের সব ট্রেন।”
এর আগে বুধবার দুপুরে ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেসের কয়েকটি বগি লাইনচ্যুত হয়। এতে শতাধিক যাত্রী আহত হওয়ার খবর পাওয়া যায়।
দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে রেল চলাচল স্বাভাবিক করতে কাজ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সিএ/এমআর


