নোয়াখালীর হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। এক নারীর সঙ্গে তাঁর অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মঙ্গলবার ( ১৭ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মু. তানভীর হাসান সুমন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বদলি ও পদায়নের বিষয়টি জানানো হয়।
নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে তিনি এ সংক্রান্ত প্রজ্ঞাপন হাতে পেয়েছেন।
এর আগে সোমবার বিভিন্ন ফেসবুক আইডি থেকে ইউএনও মো. আলাউদ্দিনের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া তৈরি হয়।
তবে এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে মো. আলাউদ্দিন দাবি করেছেন, ভিডিওটি তাঁর সম্মানহানির উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা হয়েছে।
স্থানীয় একটি সূত্র জানায়, ভিডিওটি ছড়িয়ে পড়ার খবর পাওয়ার পর সোমবার সকালেই তিনি কর্মস্থল ত্যাগ করে জেলা সদরের উদ্দেশে রওনা দেন।
এ বিষয়ে মো. আলাউদ্দিন বলেন, আগের কর্মস্থলের কিছু বিরোধের জেরে কেউ শত্রুতাবশত এ ধরনের কাজ করেছে। বিষয়টি নিয়ে তিনি জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন এবং তাঁদের পরামর্শ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
সিএ/এমই


