বরিশালের একটি গ্রামে প্রকৃতির আড়ালে লুকিয়ে থাকা এক ছোট্ট মসজিদ ঘিরে তৈরি হয়েছে কৌতূহল। স্থানীয়দের কাছে এটি ‘গায়েবি মসজিদ’ নামে পরিচিত।
চর হোগলা গ্রামের এই স্থাপনাটি প্রথম দেখায় অনেকটাই গাছের অংশ মনে হয়। বিশাল গাছের শিকড় ও বাকল মসজিদটিকে এমনভাবে জড়িয়ে রেখেছে যে দূর থেকে এটি চেনা কঠিন।
ছোট আকারের এই মসজিদের দৈর্ঘ্য প্রায় ছয় ফুট, প্রস্থ পাঁচ ফুট এবং উচ্চতা সাড়ে সাত ফুট। এতে একটি গম্বুজ, দুটি ছোট জানালা এবং একটি সরু প্রবেশপথ রয়েছে।
স্থানীয়দের মতে, একসময় পুরো এলাকা ঘন জঙ্গলে ঢাকা ছিল। পরে হঠাৎ করে এই মসজিদটি চোখে পড়ায় এটি ‘গায়েবি’ নামে পরিচিতি পায়।
প্রত্নতত্ত্ববিদদের ধারণা, এটি মোগল আমলের স্থাপনা হতে পারে। নদীপথ পাহারায় থাকা লোকজনের ইবাদতের জন্য এমন ছোট মসজিদ নির্মাণ করা হতো বলে ধারণা করা হচ্ছে।
প্রত্নতত্ত্ব বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এই ধরনের স্থাপনা খুবই বিরল এবং সংরক্ষণের উদ্যোগ নেওয়া প্রয়োজন।
সিএ/এমআর


