বুট বা ছোলা দিয়ে তৈরি ভুনা একটি জনপ্রিয় ও পুষ্টিকর খাবার, যা সহজ উপকরণেই ঘরে বসে তৈরি করা যায়। বিশেষ করে রমজান বা নাশতার টেবিলে এটি বেশ পরিচিত একটি পদ।
এই রেসিপিতে প্রধান উপকরণ হিসেবে ব্যবহৃত হয় ছোলা বা বুট, সঙ্গে আলু, পেঁয়াজ, বিভিন্ন মসলা ও তেল। রান্নার আগে বুট কয়েক ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখতে হয়, যাতে তা নরম হয়ে যায় এবং রান্না সহজ হয়।
প্রথমে ভিজিয়ে রাখা বুট সেদ্ধ করে নিতে হয়। এরপর তেলে শুকনা মরিচ ও পেঁয়াজ ভেজে আদা-রসুন বাটা, হলুদ, মরিচগুঁড়া ও অন্যান্য মসলা দিয়ে ভালোভাবে কষানো হয়। এতে সেদ্ধ আলু যোগ করে মিশিয়ে নেওয়া হয়।
পরবর্তীতে সেদ্ধ বুট, জিরা ও ধনেগুঁড়া, লবণ এবং কাঁচা মরিচ দিয়ে কিছুক্ষণ রান্না করতে হয়। পানি শুকিয়ে এলে ধনেপাতা ছড়িয়ে দিয়ে চুলা বন্ধ করলে তৈরি হয়ে যায় সুস্বাদু বুট ভুনা।
সহজ প্রক্রিয়া ও স্বল্প উপকরণে তৈরি এই খাবারটি পরিবারের সবার জন্যই হতে পারে পছন্দের একটি পদ।
সিএ/এমআর


