শহরের ছোট জায়গা কিংবা বাসার ছাদ বা বারান্দায় অনেকেই এখন শখের বাগান গড়ে তুলছেন। অনেকের ধারণা টবে ফলের গাছ লাগানো কঠিন। তবে উদ্যানবিদদের মতে, কিছু নির্দিষ্ট ফলের গাছ টবে সহজেই বেড়ে উঠতে পারে, যদি সঠিক যত্ন নেওয়া হয়।
কামরাঙা এমন একটি ফলের গাছ যা টবেই ভালোভাবে বেড়ে উঠতে পারে। নিয়মিত পানি দেওয়া হলে গাছটি দ্রুত বাড়ে। তবে খেয়াল রাখতে হবে যেন টবের মাটিতে পানি জমে না থাকে। ফল ধরার সময় ডালপালা নিয়মিত ছেঁটে দিলে গাছের বৃদ্ধি ভালো হয়। পর্যাপ্ত রোদ পড়ে এমন জায়গায় কামরাঙার টব রাখা প্রয়োজন।
আম গাছও টবে লাগানো সম্ভব। আম খাওয়ার পর বীজটি টবের মাটিতে পুঁতে দিলে সেখান থেকে সহজেই চারা গজাতে পারে। পর্যাপ্ত রোদ ও পানি পেলে গাছ দ্রুত বড় হয়। তবে ঠান্ডা উত্তরের বাতাস থেকে গাছটিকে রক্ষা করার জন্য সতর্ক থাকতে হয়।
ড্রাগন ফলের গাছও ছাদ বা বারান্দায় টবে চাষ করা যায়। এই গাছের জন্য পর্যাপ্ত রোদ এবং হেলান দেওয়ার জন্য একটি খুঁটি বা দেয়াল প্রয়োজন। নিয়মিত পানি দেওয়া দরকার, তবে গাছের গোড়ায় যেন পানি জমে না থাকে সে বিষয়টি নিশ্চিত করতে হবে।
সঠিক পরিচর্যা করলে এসব ফলের গাছ টবেই সুস্থভাবে বেড়ে ওঠে এবং বাড়ির পরিবেশকে সবুজ ও প্রাণবন্ত করে তোলে।
সিএ/এমআর


